যশোরের অভয়নগর উপজেলায় দুই ধাপের টানা বর্ষণে ৫০ গ্রাম তলিয়ে গেছে।
চলতি মাসের ৮ ও ৯ আগস্টের বর্ষণে ৪০ গ্রাম ও গত রবিবারের টানা বর্ষণে ১০ গ্রাম তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া গ্রামগুলো ভবদহ এলাকায় অবাস্থিত।
আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে, অভয়নগরে গত রবিবার ২৪ ঘণ্টায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রেকর্ড পরিমাণ বৃষ্টির ফলে উপজেলার সর্বত্র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ভবদহ অঞ্চলে ৫০টি গ্রাম তলিয়ে গেছে। বাড়ি ঘর ছেড়ে অনেকে জায়গায় বসবাস করছে। ১৯ কোটি ২ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। ঘের ডুবে ১৫০ কোটি টাকার মাছ ভেসে গেছে। এলাকার ১২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ভবদহ এলাকার ২৩টি প্রাথমিক বিদ্যালয়, ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজ জলামগ্ন হওয়ায় পাঠদান বন্ধ রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান জানান, ভবহদ এলাকার সবকটি মাছের ঘের গত ৮ ও ৯ আগস্টের টানা বর্ষণে ভেসে গিয়েছিল। রবিবারের বর্ষায় ভৈরব পূর্ব অংশের কয়েক’শ ঘের ভেসে মাছ চলে গেছে।
কৃষি কর্মকর্তা গোলাম সামদানী জানান, দুই ধাপের টানা বর্ষণে ৪ হাজার ৪০৬ হেক্টর জমির আমন ধান, ৮৪৩ হেক্টর আউশ, ৩৪৮ হেক্টর শাক সবজি, ১৫২ হেক্টর পান ও ৫ হেক্টর জমির মরিচ ফসলের ক্ষতি হয়েছে।
ইত্তেফাক/ইউবি