টঙ্গীতে র্যাব অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর নারী শাখার পাঁচ প্রশিক্ষককে গ্রেফতার করেছে। তারা হলেন- কানাডার ফেরত রাশেদু্জ্জমান রোজ, আবদুল হাই, সাহাবউদ্দিন, ফিরোজ ও সাইফুল। তাদের কাছ থেকে বিস্ফোরক, বোমা ও নাশকতার কার্যক্রমের অন্যান্য সরাঞ্জম উদ্ধার করা হয়েছে।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আজ বুধবার ভোরে টঙ্গীর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশে হাজিরপুকুর এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা জেএমবির নারী শাখার সদস্য নিয়োগ ও তাদের প্রশিক্ষণের কাজ করতেন।
উল্লেখ্য, র্যাব গত ১৬ আগস্ট ঢাকা ও টঙ্গীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে জেএমবির নারী শাখার চার সদস্য ডা. ইসপিনা আক্তার ঐশী, মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের তিন শিক্ষার্থী খাদিজা পারভীন মেঘলা, আকলিমা রহমান মনি ও ইশরাত জাহান মৌকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী বেসরকারি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুয়াদ আল মাহাদীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জেএমবির নারী দলের প্রশিক্ষদের তথ্য পাওয়া যায়।
ইত্তেফাক/কেকে