ছাত্রী নিবাসে বিস্ফোরণ : কুবির ছাত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অদূরে সালমানপুর এলাকার ব্যক্তি মালিকানাধীন একটি ছাত্রী নিবাসে বিস্ফোরণের ঘটনায় কুবির দগ্ধ ছাত্রী ফাহমিদা হাসান নিশাসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬ ছাত্রীর বিরুদ্ধে  সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
 
বুধবার সন্ধ্যায় থানার এসআই শহিদুল বাশার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানপুর এলাকার মনিরুল ইসলাম মৃধার ‘প্রশান্তি’নামের একটি ছাত্রী নিবাসে মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণে ওই এলাকা কেপে উঠে। এ সময় ওই ছাত্রী নিবাসের নিচতলার একটি কক্ষের দরজা-জানালাসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়। এতে ওই কক্ষে থাকা ছাত্রী ফাহমিদা হাসান নিশার শ্বাসনালীসহ তার শরীরের ৬৫ ভাগ দগ্ধ হয়। বর্তমানে নিশা ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
 
মামলায় ওই ছাত্রী নিবাসের বাসিন্দা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আসকিনা গ্রামের আবুল হাসানের মেয়ে ফাহমিদা হাসান নিশা, একই বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ৮ম ব্যাচের ছাত্রী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পেরুল গ্রামের আলী মিয়ার মেয়ে মর্জিনা বেগম এবং আইসিটি বিভাগের ৮ম ব্যাচের ছাত্রী ঢাকার রায়েরবাগের নুর মোহাম্মদের মেয়ে নুরুন নাহারসহ অজ্ঞাতনামা আরো ৩ ছাত্রীকে আসামি করা হয়েছে।
 
 
 
ইত্তেফাক/ইউবি