সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

 
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল এলাকায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভারাঙ্গা গ্রামের দশের আলীর ছেলে সানোয়ার হোসেন (৩২) ও পাবনা জেলার চাটমোহর উপজেলার আংকুটিয়া গ্রামের মৃত মাজেম মণ্ডলের ছেলে লুৎফর আলী (৫৫)। র‌্যাব ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, পাইপগান, গুলিসহ অস্ত্র উদ্ধার করেছে।
 
র‌্যাব-১২-এর ক্যাম্প কমান্ডার এডিশনাল ডিআইজি শাহবুদ্দিন খান বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেস ব্রিফিংয়ে জানান, কয়েকজন সন্ত্রাসী কামারখন্দ উপজেলার জামতৈল কলেজপাড়া এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য সংঘবদ্ধ হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে উপস্থিত হলে সন্ত্রাসীরা র‌্যাবের ওপর গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছুহটে। 
 
পরে তারা পালিয়ে গেলেও কলেজ পাড়া এলাকার ব্রিজের কাছে দুই সন্ত্রাসীকে গুলিবিদ্ধ হয়ে পরে থাকতে দেখা যায়। এলাকাবাসীদের সহায়তায় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। 
 
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১টি পাইপগান, ২টি ছুরি, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 
 
তিনি আরো জানান, তারা ডাকাতি করার জন্য সেখানে জড়ো হয়েছিল। আকস্মিক র‌্যাবের উপস্থিত টের পেয়ে তারা গুলি ছোড়ে। সানোয়ারের বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। 
 
অপরদিকে লুৎফর রহমানের নামেও একাধিক মামলা রয়েছে। লাশ দুটি বর্তমানে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে