জাল নোট ও সরঞ্জামাদীসহ ২ জন গ্রেফতার

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ গত বৃহস্পতিবার রাতে নরসিংদীর মাধবদী এলাকা থেকে ৭ লাখ টাকার জাল নোটসহ কাউছার আহমেদ (৩৮) ও হাফিজুল হাউলাদা (২৬) নামে জাল নোট তৈরি চক্রের ২ জনকে গ্রেফতার করেছে। এর সঙ্গে জালনোট তৈরির সরঞ্জামাদি- একটি ল্যাপটপ, একটি প্রিন্টার মেশিন, ১ হাজার ও ৫’শ টাকার জল ছাপের কাগজ ২টি, এক পৃষ্ঠায় ছাপানো ১ হাজার টাকার জাল নোটের কাগজ ১০টি, বাংলাদেশ ব্যাংক এবং ১ হাজার টাকার জল ছাপসহ টাকা তৈরির কাগজ ১১০টি, টাকা ছাপ দেয়ার কাঠের ডাইস ১টি উদ্ধার করা হয়েছে। 
 
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে মাধবদী এলাকার মাজার বাসস্ট্যান্ড ডাচবাংলা ব্যাংকের সামনে উল্লেখিত জাল নোট চক্রের ২ জন আটক করেন। ধৃত কাউছারের বাড়ি পটুয়াখালী জেলার ইদারগপুর গ্রামে, তার পিতার নাম আব্দুল লতিফ এবং হাফিজুলের বাড়ি মাদারীপুর জেলার দেউরি গ্রামে, তার পিতার নাম আব্দুল জলিল হাউলাদার। 
 
পুলিশ জানায়, আসন্ন ঈদউল আযহা উপলক্ষে আসামিরা জাল টাকা তৈরি করে নরসিংদী জেলাসহ আশেপাশের এলাকায় গরুর হাটসহ বিভিন্ন বাজারে বাজারজাত করার জন্য নরসিংদীতে অবস্থান করছিলেন। তারা দেশের বিভিন্ন জায়গায় বাসাবাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই কাজে জড়িত রয়েছে।
এব্যাপারে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ক ধারায় মাধবদী থানায় আজ শুক্রবার একটি মামলা রুজু করা হয়েছে।