রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব-নির্বাচিত নেতারা। শনিবার প্রথম কার্যকরী সভা শেষে ডাকসু নেতারা ৩২ নম্বরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারা।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ডাকসুর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন, সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দায়িত্ব গ্রহণ করেন ভিপি নুরুল হক নুরসহ নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি। শনিবার ডাকসু ভবনে ডাকসুর প্রথম কার্যকরী সভায় কমিটির সদস্যরা অংশ নেন।
আরও পড়ুন: সংসদ উপনেতা হলেন রওশন এরশাদ, বাদ পড়লেন জিএম কাদের
গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনের পর আজ শনিবার এই মেয়াদের প্রথম কার্যকরী সভার মাধ্যমে দীর্ঘ ২৮ বছর পর আবারও যাত্রা শুরু করলো ডাকসু। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। সেবছর ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর শুধু ডাকসু নয়, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। গত ১১ মার্চ নির্বাচনের মাধ্যমে আবারও প্রাণ ফিরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদের।
ইত্তেফাক/কেকে