সিদ্ধান্ত ছাড়াই শেষ এনটিআরসিএ’র সভা, ঝুলে রইলো শিক্ষক নিয়োগ বিধিমালা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৬:১৩

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিধিমালা সংশোধন ও নিয়োগ পদ্ধতি নির্ধারণে মঙ্গলবার অনুষ্ঠিত সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ফলে ঝুলে রইল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনের প্রক্রিয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া সভা দুপুর ২টার পর শেষ হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হলেও বিধিমালার খসড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খসড়া বিধিমালা চূড়ান্ত করতে আবারও সভা ডাকা হবে।

সভায় অংশ নেওয়া দুজন কর্মকর্তা জানান, বেলা ১১টায় সভা শুরু হলেও শিক্ষামন্ত্রী যোগ দেন দুপুর দেড়টার দিকে। ফলে খসড়া বিধিমালার কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়ার সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ দেওয়ার কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতো। এসব সমস্যা এড়াতে পছন্দক্রমের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও জানান, শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনের বিষয়ে পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে। তবে পরবর্তী সভার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। পরে সভার তারিখ জানানো হবে।

ইত্তেফাক/এমএএম