মোবাইল ক্লোন করে প্রতারণা প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের বিরুদ্ধে গোপালপুর থানায় মামলা দায়ের হয়েছে। গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দীন গতকাল বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন। ওই কমান্ডার মামলায় অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আরিফুর রহমান এবং গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের পরিচয় দিয়ে ০১৬৪৩৮২০২৬৯ এবং ০১৭৯৫১৬০৩৪৩ নম্বর থেকে গত মঙ্গলবার ফোন দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রতিজনে আড়াই লাখ টাকা অনুদান পাওয়ার খবর দেন। এ টাকা উত্তোলন করতে ভ্যাট বাবদ পঞ্চান্ন হাজার টাকা ০১৮৬৭২১১২০৭ নম্বরে বিকাশযোগে পাঠাতে বলেন। ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দীন এবং অপর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ গত বুধবার ওই পরিমাণ টাকা বিকাশযোগে পাঠিয়ে দেন। পরে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে অনুদানের টাকা নিয়ে কথা বলতে অফিসে গেলে ইউএনও বিকাশ বিশ্বাস বিস্ময় প্রকাশ করেন। গতকাল বৃহস্পতিবার গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবহান তুলা এবং ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দীন ঢাকাস্থ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আরিফুর রহমানের সাথে তার অফিসে সাক্ষাত্ করলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।