বিশ্বকাপটা আমার স্বপ্ন : তাসকিন

বিপিএলে দারুণ একটা পারফরমেন্সের পর প্রস্তুতি নিচ্ছিলেন নিউজিল্যান্ড সফরের। সেই সফরের ঠিক পাঁচদিন আগে অ্যাঙ্কলের ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। সে কারণে ছিটকে পড়েন সিরিজ থেকে। আসন্ন আইসিসি বিশ্বকাপে তার খেলা নিয়েও কেউ কেউ সংশয় প্রকাশ করেছিলেন। তবে শনিবার মিরপুরে অনুশীলনে ফিরে জানালেন এখন তিনি যথেষ্ট সুস্থ। বিশ্বকাপের আগে এই মুহূর্তে তাই ফিটনেসটাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। 

তাসকিন বলেন, সত্য কথা বলতে বিশ্বকাপটাই আমার অগ্রাধিকার। কারণ এটা আমার স্বপ্ন। আমি জানি না আগামীকাল ঘুম থেকে ওঠার পর কি হবে। তবে আমি মনে করি না আজকের চেয়ে ভিন্ন কিছু হবে। এখন শতভাগ ফিট থাকাটাই মূখ্য যাতে বিশ্বকাপ দলে সুযোগ করে নিতে পারি। আমি ২০১৫ বিশ্বকাপ খেলেছি। এখনো সেই স্মৃতিগুলো নিয়ে ভালো লাগা কাজ করে।
 
নয় মাস জাতীয় দলের বাইরে আছেন তাসকিন। তবে বিপিএলে ১২ ম্যাচ থেকে ২২ উইকেট নিয়ে নিজেকে জানান দিচ্ছিলেন। তখনই তার স্বপ্নে একটা কালো মেঘ হিসেবে আবির্ভূত হয় ইনজুরি। নিউজিল্যান্ড সিরিজের আগে ওই ইনজুরির পর তিন সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছিল তাসকিনকে। তাই দীর্ঘ একটা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে এ পর্যন্ত আসতে হয়েছে।
 
সেই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ এখন শুরু করলেন তাসকিন। শনিবার অনুশীলনে ফিরে তিনি বলেন, আমি আজকে রানিং সেশনটা ভালোভাবেই পার করেছি। আশা করছি ধীরে ধীরে বোলিং করতে পারব এবং সবকিছু স্বাভাবিকভাবেই এগোবে। স্বাভাবিকভাবেই দৌড়ালাম, কোনো ব্যথা হয়নি। এই মাস থেকেই বোলিং শুরু করব। ফিজিও টিমও আমার সঙ্গে কাজ করবে। 

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব, নুরের আপত্তি

বিশ্বকাপের আগেই ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে খেলায় ফেরার আশাবাদ ব্যক্ত করে তাসকিন বলেন, পরিকল্পনা অনুযায়ী ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বেই আমি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরব। তবে পুরো পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেই সেটি করব।
 
বোর্ড ও টিম ম্যানেজম্যান্টের প্রশংসা করেন ২৩ বছর বয়সী এই পেসার বলেন, ইনজুরির পর থেকেই বোর্ডের কর্মকর্তারা আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন। কতটুকু সুস্থ হয়েছি, বর্তমান অবস্থা কি; এসব বিষয়ে তারা খোঁজখবর রেখেছেন। এটা আমাকে দারুণভাবে প্রেরণা যুগিয়েছে। দলের অধিনায়ক ও সিনিয়র সদস্যরাও খোঁজ রেখেছেন। এটা যে কোনো ইনজুরিতে পড়া খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। 

ইত্তেফাক/কেআই