মটো ই৩ পাওয়ারে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ

স্মার্টফোনের দুনিয়া ততোক্ষণই স্মার্ট, যতক্ষণ ব্যাটারিতে আছে চার্জ। চার্জ ফুরোলেই প্রযুক্তি নির্ভর প্রজন্ম প্রায় চোখে অন্ধকার দেখে। সেটাই স্বাভাবিক। স্মার্টফোনের দুনিয়ায় সব থেকে বড় সমস্যাও এই ব্যাটারি ব্যাকআপ। 
 
বিভিন্ন কোম্পানি হাজারো নজরকাড়া স্পেসিফিকেশন আনে। কিন্তু ক্রেতার জিজ্ঞাসা, সে সব স্পেশিফিকেশন ব্যবহার করার মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে তো! নইলে সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক, ডেটা কেবল থাকা মাস্ট। এই যন্ত্রণা ঘোটাতেই উদ্যোগ নিয়েছে মটোরোলা। এবার তারা বাজারে আনল 'মটো ই৩ পাওয়ার'।
 
গত জুলাইয়ে মটো ই৩ উন্মোচন করে লেনোভো অধিকৃত মটোরোলা। এবার ওই ফোনটির নতুন ভার্সন মটো ই৩ পাওয়ার বাজারে আনছে সংশ্লিষ্টরা। 
 
আলাদা কী থাকছে এই ফোনে? এতে থাকছে ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ, যা মটো ই৩ এর থেকে অনেকটাই বেশি। এছাড়া মেমরি ও স্ক্রিনের (৫ ইঞ্চি) দিক থেকেও অনেক স্মার্ট। ফ্রন্ট ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। আর সর্বোপরি থাকছে ৩৫০০এমএএইচ এর ব্যাটারি ব্যাকআপ।
 
যদিও মটোরোলা আনুষ্ঠানিকভাবে এখনও এই ফোনের কথা ঘোষণা করেনি। তবে জানা গেছে, ফোনটি বিক্রি হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে। হংকংয়ের বেশ কিছু রিটেল সাইটে ফোনটি বিক্রি হচ্ছে। দাম বাংলাদেশি মুদ্রায় মোটামুটি ১১০০০ টাকা। 
 
এত সস্তায় এত ব্যাটারি ব্যাকআপ প্রায় আর কোনও স্মার্ট ফোনেই নেই। সেক্ষেত্রে ব্যাটারির নিরিখে বাজারে এ ফোন জনপ্রিয়তা পাবেই বলে মনে করছে বাজার বিশেষজ্ঞরা।
 
ইত্তেফাক/এএম