জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বিজনেস আইডিয়া নিয়ে ব্যতিক্রমী বিজনেস আইডিয়া কনটেস্ট ‘নিটল-আয়াত আইডিয়া কনটেস্ট’। শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার আসর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এই কনটেস্টের গ্রান্ড ফিনালে। প্রতিযোগিতার সেরা তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ। পুরস্কার হিসেবে তিনজন সেরা আইডিয়াবিদ পাচ্ছেন নেপাল ভ্রমণের সুযোগ।
প্লাস্টিক থেকে ব্যবহারযোগ্য নতুন পণ্য তৈরির আইডিয়ার জন্য টিম গ্রিনিশকে বিজয়ী ঘোষণা করা হয়। বিইউপি’র তিন ছাত্র এই আইডিয়া উপস্থাপন করেন। তাদের দলনেতা ছিলেন তানভীর আহমেদ। আর শারীরিকভাবে অক্ষম ও বৃদ্ধদের নিয়ে আইডিয়া তৈরির জন্য টিম ব্রিজ প্রথম রানারআপ, যার দলনেতা নাতাশা ইশরাত কবীর। কৃষিপণ্য নষ্ট হওয়া কমানো, অনলাইন মার্কেট প্লেসে বিক্রির আইডিয়া নিয়ে ফার্মার্স ফাইটার্স টিম দ্বিতীয় রানারআপ হয়েছে, তাদের দলনেতা ছিলেন মোজাম্মেল হক। বিচারক প্যানেলে ছিলেন আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, বাটা’র হেড অব বিজনেস রেজাউল করিম, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার শামীমা দোলা।