অ্যান্ড্রয়েড নাগোট ৭.০ নিয়ে বরাবরই স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। এবার এলজি আনতে চলেছে এই বিশেষ অপারেটিং সিস্টেমে তৈরি তাদের প্রথম ফোন এলজি ভি২০।
নতুন এই অপারেটিং সিস্টেম নিয়ে প্রত্যাশা অনেকেরই। এই অনেকের মধ্যে নির্মাতারা ছাড়াও অনেক এলজি'র ডিভাইসপ্রেমীরা।
অপারেটিং সিস্টেমটি মাল্টি টাস্কিংয়ের ক্ষেত্রে ভিন্নতর অভিজ্ঞতা দেবে বলেই বিশ্বাস প্রযুক্তিপণ্য বিশ্লেষকদের। কারণ, এতে একটি অ্যাপ বন্ধ না করেই যাওয়া যাবে অন্য অ্যাপে।
এছাড়া ব্যাকগ্রাউন্ড অ্যাপ ক্লিয়ার করার জন্য আলাদা অপশনও থাকবে। ফলে স্মার্টফোনের হ্যাং হওয়ার যে সমস্যা তা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে।
এলজি ভি১০-এর ঘরানা মেনেই আসছে নতুন স্মার্টফোনটি। ফিচার মোটামুটি এক থাকলেও অপারেটিং সিস্টেম অনুযায়ী এই ফোনকে প্রযুক্তিগতভাবে আরও বেশি আধুনিক করে তোলা হয়েছে।
সম্প্রতি এলজি'র পক্ষ থেকে জানানো হয়েছে, সান ফ্রান্সিসকোতে উন্মোচন করার পরের সপ্তাহেই ফোনটি পাওয়া যাবে বিকাশমান স্মার্টফোনের বাজারেও। তাই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হাতে এই ফোন পাওয়ার সম্ভাবনা প্রবল।
ইতোমধ্যেই নতুন ফোনের বিভিন্ন ফিচার পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে। ওয়াইড লেন্স অ্যাঙ্গেলে ডুয়াল রিয়ার ক্যামেরাসহ ফোনের ডিসপ্লেকেও করে তোলা হয়েছে অত্যাধুনিক। এছাড়া আরও বেশ কিছু ইউনিক ফিচার আছে এই ফোনে। নতুন ফোনকে বাজারে জনপ্রিয় করে তুলতে কোমর বেঁধেই নামছে এলজি। এখনই তাই সমস্ত স্পেসিফিকেশন ফাঁস করতে নারাজ তারা। সেজন্য স্পেসিফিকেশন তথ্য জানতে অপেক্ষা করতেই হবে ৬ সেপ্টেম্বরের।
ইত্তেফাক/এএম