পৃথিবীর প্রাণের বয়স ৩.৭ বিলিয়ন বছর

গ্রিনল্যান্ডে বিজ্ঞানীরা পৃথিবীতে জীবনের সবচেয়ে প্রাচীন নিদর্শন খুঁজে পেয়েছেন বলে দাবি করা হচ্ছে। পাথরে জীবাশ্ম আকারে পাওয়া এই প্রাণের নিদর্শনের বয়স ৩.৭ বিলিয়ন বছর।
 
নেচার জার্নালে প্রকাশিত নিবন্ধে অ্যালেন নাটম্যান, ক্লার্ক ফ্রেন্ডসহ অস্ট্রেলীয় গবেষকদের একটি দল এই আবিষ্কারের দাবি করেছেন। নতুন পাওয়া এই জীবনের নিদর্শন বর্তমানে স্বীকৃত সবচেয়ে পুরোনো প্রাণের নিদর্শনের চেয়ে ২২০ মিলিয়ন বছর পুরোনো। গবেষক ক্লার্ক ফ্রেন্ড বলেন, এখন পর্যন্ত পাওয়া প্রাণের নিদর্শনের মধ্যে সবচেয়ে পুরোনো হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়ায় জীবাশ্ম আকারে পাওয়া স্ট্রমোটলাইটস, যার বয়স ৩.৫ বিলিয়ন ডলার। গ্রিনল্যান্ডে পাওয়া জীবাশ্মর উপর আমাদের গবেষণায় উঠে আসছে যে পৃথিবীতে প্রাণের বয়স আরো পুরোনো।
 
নতুন এই আবিষ্কার অন্য গ্রহের প্রাণের সম্ভাবনার বিষয়েও নতুন দিক উন্মোচন করেছে বলে মনে করছেন ক্লার্ক ফ্রেন্ড। তিনি বলেন, যদি আমাদের (পৃথিবীতে) গ্রহে ৩.৭ বিলিয়ন বছর ধরে প্রাণের অস্তিত্ব থাকে তাহলে অন্য গ্রহগুলোতে কী প্রাণ ছিল? উদাহরণ হিসেবে বলা যায় ৩.৭ মিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহ ভেজা (পানির অস্তিত্ব ছিল) ছিল।
 
ভূতাত্ত্বিক তথ্যানুযায়ী পৃথিবীর সবচেয়ে প্রাচীন পাথরের বয়স ৪.২ বিলিয়ন বছর। গ্রিনল্যান্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইসুয়া সুপারক্রাস্টাল বেল্টে পৃথিবীর সবচেয়ে প্রাচীন পাথর খণ্ডগুলোর অবস্থান।
 
 
ইত্তেফাক/এএসএমইউ