বিনোদন ডেস্ক
বলা হয় বলিউডে দাপট মানেই ‘খান’। তবে অক্ষয় কুমার যেন সেই হিসেবের বাইরে ভিন্ন এক উদাহরণ। নামের সাথে খান না থাকলেও তাদের সমসাময়িক অভিনেতা অক্ষয়ের দাপটটাও বলিউড পাড়ায় কম নয়। তাই প্রযোজকরাও ভরসা করে এই নায়ককে নিয়ে বাজি ধরেছেন বহুবার। আর বেশিরভাগ সময়ই সফলতা দিয়ে ভরেছে ক্যারিয়ারের ঝুড়ি।
হলিউড বা বলিউডের অনেক শীর্ষ তারকারাই এখন ওয়েব সিরিজে অভিনয় করছেন।
তবে তাদের সাথে চুক্তির জন্য প্রযোজকদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। এমনই এক শিরোনামে এবার অক্ষয় কুমার। ‘দ্য অ্যান্ড’ শিরোনামের একটি ওয়েব সিরিজের জন্য অক্ষয়ের পারিশ্রমিক ৯০ কোটি রুপি!
বলিউডের প্রজেক্টের সঙ্গে ‘দ্য অ্যান্ড’ ওয়েব সিরিজে অভিনয় করতে শিডিউল সমস্যা এড়াতে অক্ষয় প্রায় ১ মাস শুধু ওয়েব সিরিজটির প্রথম সিজনের শুটিং করবেন তিনি। ২০২১ সাল পর্যন্ত মোট ৩টি সিজনে আসবে এই সিরিজটি।
অন্যদিকে সম্প্রতি মুক্তি পায় অক্ষয়ের নতুন সিনেমা ‘কেশরী’। মুক্তির পর থেকেই বক্স অফিসে আলোচনা সৃষ্টি করেছে সিনেমাটি। মাত্র দু-দিনে প্রায় ৩৮ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এভাবে চলতে থাকলে প্রথম সপ্তাহেই রেকর্ড গড়তে যাচ্ছেন ‘কেশরী’।—এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।