সাইফের সেঞ্চুরিতে জিতল দোলেশ্বর

শাইনপুকুরের প্রথম জয়

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড শেষ হয়েছে। চারটি করে ম্যাচ জিতেছে আবাহনী ক্রীড়াচক্র, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। গতকাল সেই তালিকায় যোগ দিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সাইফ হাসানের সেঞ্চুরিতে গতকাল বিকেএসপিতে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে সাত উইকেটে পরাজিত করেছে প্রাইম দোলেশ্বর। খেলাঘরের এটি চতুর্থ হার।

টানা চার হারের পর এদিন প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং ক্লাবকে আট উইকেটে হারিয়েছে শাইনপুকুর। উত্তরা স্পোর্টিংয়ের এটি চতুর্থ হার।

বিকেএসপিতে আগে ব্যাট করে নয় উইকেটে ২৫৭ রানের পুঁজি গড়ে খেলাঘর। ২৫ রানে এক উইকেট হারালেও মাহিদুল ইসলাম ও সাদিকুর রহমানের হাফ সেঞ্চুরিতে আড়াইশো ছাড়ায় খেলাঘরের স্কোর। মাহিদুল ইসলাম ৮৬, সাদিকুর ৫৮, মইনুল ২১, অশোক মেনারিয়া ২১, অমিত মজুমদার ১৮, রবিউল ইসলাম রবি ১৭, মাসুম খান ১১ রান করেন। দোলেশ্বরে ফরহাদ রেজা তিনটি, সৈকত আলী, আবু জায়েদ রাহী দুটি করে উইকেট নেন।

লিস্ট-এ ক্রিকেটে সাইফ হাসানের চতুর্থ সেঞ্চুরিতে ৪৬.৪ ওভারে তিন উইকেটে ২৫৮ রান তুলে ম্যাচ জিতে নেয় দোলেশ্বর। এবার লিগে সাইফ হাসানের এটি দ্বিতীয় সেঞ্চুরি। সাইফ হাসান ১৩৪ বলে অপরাজিত ১৩২ রান (৯ চার, ৩ ছয়) করেন। এ ছাড়া মার্শাল আইয়ুব ৪০, সাদ নাসিম অপরাজিত ৩৪, মাহমুদুল হাসান ২৪, সৈকত আলী ১৪ রান করেন। সেঞ্চুরিয়ান সাইফ হাসান ম্যাচসেরা হন।

ফতুল্লায় উত্তরা স্পোর্টিং আগে ব্যাট করে ৪৪.৪ ওভারে ১৪৫ রানে অলআউট হয়। মিনহাজুল আবেদীন অপরাজিত ৫১, তানজিদ হাসান ২৫, মোহিমিনুল খান ২১, আনিসুল ইসলাম ১৩ রান করেন। শাইনপুকুরের সাব্বির হোসেন তিনটি, রকিবুল দুটি উইকেট নেন। জবাবে সাব্বির হোসেনের হাফ সেঞ্চুরিতে ২৫.১ ওভারে দুই উইকেটে ১৪৯ রান তুলে জয় নিশ্চিত করে শাইনপুকুর। সাব্বির হোসেন ৯৯, সাদমান ইসলাম ৩৮, অমিত হাসান অপরাজিত ৬ ও তৌহিদ হূদয় শূন্য রানে অপরাজিত ছিলেন। অলরাউন্ড নৈপুণ্যে শাইনপুকুরের জয়ের নায়ক সাব্বির হোসেন ম্যাচসেরার পুরস্কার পান।

সংক্ষিপ্ত স্কোর

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-খেলাঘর সমাজকল্যাণ সমিতি

খেলাঘর : ৫০ ওভারে ২৫৭/৯ (মাহিদুল ইসলাম ৮৬, সাদিকুর ৫৮, মইনুল ২১, অশোক মেনারিয়া ২১, অমিত মজুমদার ১৮, রবিউল ইসলাম রবি ১৭, মাসুম খান ১১; ফরহাদ রেজা ৩/৫২, সৈকত আলী ২/৪৩, রাহী ২/৫৩, আরাফাত সানি ১/৩৫)

প্রাইম দোলেশ্বর : ৪৬.৪ ওভারে ২৫৮/৩ (সাইফ হাসান ১৩২*, মার্শাল আইয়ুব ৪০, সাদ নাসিম ৩৪*, মাহমুদুল হাসান ২৪, সৈকত আলী ১৪; মোসাদ্দেক ইফতেখার ১/১৮, রবিউল ইসলাম রবি ১/২৭, ইরফান ১/৬৭)

ফলাফল : প্রাইম দোলেশ্বর সাত উইকেটে জয়ী

উত্তরা স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ক্রিকেট ক্লাব

উত্তরা স্পোর্টিং : ৪৪.৪ ওভারে ১৪৫ (মিনহাজুল আবেদীন ৫১*, তানজিদ হাসান ২৫, মোহিমিনুল খান ২১, আনিসুল ইসলাম ১৩; সাব্বির হোসেন ৩/২৭, রকিবুল ২/১৮, সোহরাওয়ার্দী শুভ ১/২৪, দেলোয়ার ১/২৪, শরীফুল ১/২৯)

শাইনপুকুর : ২৫.১ ওভারে ১৪৯/২ (সাব্বির হোসেন ৯৯, সাদমান ইসলাম ৩৮, অমিত হাসান ৬*, তৌহিদ হূদয় ০*; জাহাঙ্গীর আলম ১/২৪, নাইমুল ইসলাম ১/৪৭)

ফলাফল : শাইনপুকুর আট উইকেটে জয়ী