হেরেও অসন্তুষ্ট নয় পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা আক্ষরিক অর্থেই পরীক্ষা-নিরীক্ষার এক মঞ্চ। এই ব্যাপারটা সিরিজ শুরুর আগে পাকিস্তানের দল দেখেই বোঝা গিয়েছিল। ছয়জন শীর্ষ ক্রিকেটার সিরিজটিতে খেলছেন না।

সেকারণেই কি-না প্রথম ওয়ানডেতে হেরেও ঠিক তেমন কোনো অসন্তোষ নেই দলটির মধ্যে। শুক্রবার রাতে ব্যাটসম্যান হারিস সোহেলের সেঞ্চুরি বিফল করে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে সহজ জয় এনে দিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও শন মার্শ। ফিঞ্চ সেঞ্চুরি করে ১১৬ রানে আউট হন। তবে ৯১ রানে অপরাজিত থাকেন মার্শ। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আজ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

অধিনায়ক শোয়েব মালিক ম্যাচ শেষে ইতিবাচকতা খুঁজছেন হারিস সোহেলের ইনিংসটি থেকে। নিজের ২৭তম ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন সোহেল। ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। তার ১১৫ বলের ইনিংসে ছয়টি চার ও একটি ছক্কা ছিল। মালিক বলেন, ‘আমাদের বেশ কয়েকটি জায়গায় দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। অবশ্যই হারিসকে অভিনন্দন জানাতে হয়। ও দারুণ একটা সেঞ্চুরি করেছে। ইনজুরি থেকে ফিরে এসেই এমন একটা ইনিংস খেলা সহজ নয়। এই ব্যাপারটা পাকিস্তান ক্রিকেটের জন্য ইতিবাচক।’

হারের কারণ ব্যাখ্যা করে মালিক বলেন, ‘শুরুতেই আমরা বেশ কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছি। এটা আমাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আমি অবশ্যই বলবো যে ফিঞ্চ ও মার্শ দুর্দান্ত ব্যাট করেছে। ওরা পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। ঠিক এই জায়গাটাতেই আমরা পিছিয়ে পড়েছি। ওরা খুব সহজেই সিঙ্গেল বের করে নিচ্ছিল। এখানে আমরা ছিটকে গেছি।’

দারুণ এক সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছে অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ‘জয় পাওয়াটা সব সময়ই ভালো একটা অনুভূতি। যদিও এখনো আমাদের উন্নতির সুযোগ আছে। তবে, এটুকু বলাই যায় যে, টানা চারটি জয় পাওয়াটা সহজ ছিল না। এটা ভালো একটা অনুভূতি। পরিশ্রমের ইতিবাচক ফল আসলে কার না ভালো লাগে।’