ফেসবুকের মাধ্যমে বরিশাল জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘদিন অবৈধ দখলে থাকা জেল খাল হারিয়েছে তার সৌন্দর্য। জেল খালের হারানো সৌন্দর্য ফিরিয়ে দিতে ও বাংলার ভেনিস নগরী গড়ার কার্যক্রম হিসেবে ‘জনগণের জেল খাল, আমাদের পরিচ্ছন্নতা অভিযান’ শীর্ষক কর্মসূচি শনিবার_সকাল ৯.৩০ হতে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বরিশালের সর্বস্তরের ২০ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ অভিযানে অংশগ্রহণ করে।
 
বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জনাব জেবুন্নেছা আফরোজ এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। সকাল ৯.৩০ টায় উক্ত কর্মসূচি Barisal fb TV তে সরাসরি সম্প্রচারের শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এম পি। স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব আব্দুল মালেক ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য জনাব তালুকদার মোঃ ইউনুস ‘জনগণের জেল খাল, আমাদের পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 
 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, স্থানীয় তরুণদের সম্পৃক্ততায় সিটিজেন জার্নালিজম, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম ও মন্ত্রিপরিষদ বিভাগের অনুপ্রেরণা, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বরিশালের পরিবেশ উন্নয়নে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে। গণমাধ্যমের সহযোগিতা ও বরিশাল জেলা প্রশাসনের নব উদ্ভাবিত Barisal fb TV তে কার্যক্রমটির সরাসরি সম্প্রচার জনগণকে সুসংগঠিতকরণ ও যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা সংযোজন করেছে। 
 
ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে স্থানীয় সমস্যার সমাধানের উৎকৃষ্ট উদাহরণ বরিশাল - সমস্যা ও সম্ভাবনা/ Barisal - Problem and Prospect শীর্ষক ফেসবুক গ্রুপ। বরিশালের ঐতিহ্যবাহী খালগুলি অপদখলের কারণে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। ফলে, ডিজিটাল সেবার মাধ্যমে বরিশাল জেলার বিভিন্ন সমস্যা সমাধানের জনপ্রিয় এই ফেসবুক গ্রুপে জেলা প্রশাসক বরাবরে একটি পোস্ট দিয়ে বরিশালবাসীর দীর্ঘদিনের দাবী জনগণের সম্পত্তি জেল খাল অবৈধ দখলমুক্ত করে সচল করার দাবী জানানো হয়।
 
উক্ত পোস্টের প্রেক্ষিতে বরিশালের জনসাধারণকে সম্পৃক্ত করে গণঅংশগ্রহণের মাধ্যমে জনগণের সম্পত্তি খালগুলি অপদখলমুক্ত করে সচল করার প্রয়াস নেওয়া যেতে পারে উল্লেখ করে সকলের সক্রিয় অংশগ্রহণও কামনা করা হয়েছিল। খাল উদ্ধারে সংগ্রামী বরিশালবাসী আন্তরিকভাবে আগ্রহী হয়ে জেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে সিটিজেন জার্নালিজমের মাধ্যমে বরিশাল - সমস্যা ও সম্ভাবনা/ Barisal - Problem and Prospect ; শীর্ষক ফেসবুক গ্রুপে ব্যাপক সমর্থন জানান। 
 
অধিকন্তু সুশীল সমাজ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, ব্যবসায়ীগণ, ছাত্র-শিক্ষক ও সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে এ অভিযানকে সমর্থন জানাতে থাকেন। এই জনসমর্থনে উজ্জীবিত হয়ে গত ২৫ এপ্রিল ২০১৬ তারিখে বরিশাল সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সহায়তায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, দক্ষ সার্ভেয়ার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে জেল খাল উদ্ধারের অভিযান শুরু করে প্রায় তিনমাসের অভিযানে কীর্তনখোলা নদী হতে নথুল্লাবাদ পুল পর্যন্ত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বরিশাল জেল খালকে অপদখলমুক্ত করা হয়।
 
ইত্তেফাক/এসএসএ