‘হাওর বাঁচাও’ আন্দোলনের নেতা খুনের বিচার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তের হামলায় নিহত স্থানীয় ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র সংগঠক মোঃ আজাদ মিয়ার খুনীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। গতকাল শনিবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওরপাড়ের বিভিন্ন গ্রামের কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনে’র সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, নিহতের ভাই আফরুজ রায়হান প্রমুখ।