গ্যালাক্সি নোট ৭ ফেরত দিলে কী সেট দেবে স্যামসাং?

স্যামসাং কোম্পানি ঘোষণা দিয়েছে, গ্যালাক্সি নোট ৭ তারা বাজার থেকে তুলে নেবে। স্যামসাং নোট সিরিজের মধ্যে এই মডেলটিই সবচেয়ে নতুন। বাজারে ছাড়ার দু’সপ্তাহের মধ্যেই কেন এই সিদ্ধান্ত, তা-ও জানিয়েছে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি। মূলত এই মডেলগুলোর ব্যাটারি চার্জ দেওয়ার সময়ে বিস্ফোরণ ঘটছে। ক্রেতা সুরক্ষার্থে তাই ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। 
 
একটি প্রেস কনফারেন্সে স্যামসাংয়ের প্রেসিডেন্ট কোহ্ জানিয়েছেন, ব্যবহারকারীদের অনেকের থেকেই ব্যাটারি পুড়ে যাওয়া, ফেটে যাওয়ার অভিযোগ তাদের কাছে এসেছে। আর তাই যারা ইতিমধ্যেই এই মডেলটি কিনেছেন, তারা এই সেটটির পরিবর্তে অন্য মোবাইল পাওয়ার সুযোগ পাবেন। 
 
একধাপ এগিয়ে তিনি আরও জানান, ক্রেতারা তাদের পুরনো গ্যালাক্সি নোট ৭-এর পরিবর্তে একটি নতুন গ্যালাক্সি নোট ৭ নিতে পারবেন। তবে সেটা আগামী সপ্তাহের শুরু থেকে। এছাড়াও গ্যালাক্সি নোট ৭-এর বদলে তারা গ্যালাক্সি ৭ এস বা গ্যালাক্সি ৭ এস এজ-ও নিতে পারবেন। 
 
শুধু তাই নয়, এর পাশাপাশি ক্ষতিগ্রস্থ গ্রাহকরা ২৫ ডলার ছাড় পাবেন ফোন বিলের উপর, এবং ২৫ ডলারের একটি গিফট ভাউচারও তারা পাবেন, জানিয়েছে কোহ।
 
তবে আপাতত অফারটি পাচ্ছেন কেবল যুক্তরাষ্ট্রের গ্রাহকরা।
 
১৯ আগস্ট বেরিয়েছিল স্যামসাং-এর এই নতুন মডেলটি। দু’সপ্তাহে বিক্রি হয়েছে দশ লাখের উপর। এর মধ্যে ২৫ লাখের কাছাকাছি গ্যালাক্সি নোট ৭ তৈরি করেছে স্যামসাং।
 
ইত্তেফাক/এএম