লালমনিরহাটে মেয়েদের কারাতে প্রশিক্ষণ

লালমনিরহাট প্রতিনিধি

ইভটিজিংসহ বিভিন্ন যৌন হয়রানি থেকে আত্মরক্ষার্থে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মেয়েদের কারাতে প্রশিক্ষণ দিচ্ছে বেসরকারি সংস্থা রূপান্তর। হাতিবান্ধা উপজেলার ২৫টি উচ্চ বিদ্যালয়ের মেয়েদের কারাতে প্রশিক্ষণের মাধ্যমে লাইফ স্কিল মেসেজ দেয়া হচ্ছে। কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ বিষয়ে কেতকীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আব্দুস সালাম বলেন, রূপান্তরের সহযোগিতায় এই বিদ্যালয়ের ২৫ জন মেয়েকে তারা কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ দেয়। পরবর্তীতে বাকি শিক্ষার্থীদের আগ্রহের কারণে এই ২৫ জনই আবার প্রায় চারশ’ অন্য শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ দিচ্ছে।

হাতীবান্ধা রূপান্তর এরিয়া অফিসের প্রকল্প সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান বলেন, রূপান্তরের সহযোগিতায় আমরা এই উপজেলায় প্রায় অনেক বিদ্যালয়ে বালিকাদের মাঝে কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ দেয়ার চেষ্টা করছি। যার কারণে মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। তারা নিজেরা আত্মবিশ্বাসী হয়ে ইভটিজিংসহ বিভিন্ন যৌন হয়রানিমূলক আচরণ থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং প্রতিরোধসহ কিভাবে আইনের আশ্রয় ও অভিযোগ জানাতে পারে সেই বিষয়ে আমাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ পরিদর্শনে ছিলেন মিজানুর রহমান পান্না, পরিচালক (রিফট) রূপান্তর, হাতীবান্ধা এরিয়া অফিসের প্রকল্প সমন্বয়কারী মুস্তাফিজুর রহমান, মিউজিক ট্রেইনার বকুল চন্দ্র, জেলা শিশু ও যুব নেটওয়ার্কের নেতৃবৃন্দ।