চাঁদপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইলিশ বাংলাদেশের সর্ববৃহত্ একক মত্স্য প্রজাতি, যা বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুষ্টিগুণ সমৃদ্ধ একটি মাছ। বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা তথ্যের ভিত্তিতে দেশে জাটকা রক্ষার্থে ছয়টি অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। সরকারের নানামুখী পরিকল্পনা গ্রহণ করায় গত ১০ বছরে ইলিশের উত্পাদন শতকরা ৭৮% বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির ধারা আমাদের অব্যাহত রাখতে হবে।
তিনি শনিবার দুপুরে বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট, মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইলিশ উত্পাদন বৃদ্ধিতে অভয়াশ্রমের প্রভাব, মওজুদ, নিরূপণ ও জাটকা সংরক্ষণে গবেষণা অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্মশালায় চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলার প্রায় ৩শ জেলে, জেলে প্রতিনিধি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গবেষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।