কোরবানির মাংস পৌঁছে দেবে ইকুরিয়ার

 
ঈদ-উল-আযহা বা কোরবানি ঈদের আনন্দ ভাগাভগি করতে ইকুরিয়ার দিচ্ছে ঢাকা শহরের নির্দিষ্ট এলাকাতে মাংস ডেলিভারি সার্ভিস। অনলাইনে অর্ডার দিয়ে কোরবানির মাংস ঢাকার মধ্যে নিকটাত্মীয়র বাড়ি পৌঁছে দিতে অভিনব একটি পদ্ধতি নিয়ে হাজির হয়েছে ই-কমার্সে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ইকুরিয়ার ডটকম ডটবিডি।
 
‌‘গোস্ত ডেলিভারি সার্ভিস’  নামের এই সেবার মাধ্যমে ইকুরিয়ার অর্ডারের ঠিকানানুযায়ী মাংস সংগ্রহ ও সরবরাহ করবে। ইকুরিয়ার সেবাটি শুধুমাত্র ঢাকার অভ্যন্তরেই দেবে। ঈদের সময় এমন সেবা পেতে হলে অবশ্য গ্রাহকদের আগেই ইকুরিয়ার ডটকমে অর্ডার করতে হবে। সেবাটি পেতে ইকুরিয়ার রবিবার  থেকে অর্ডার নেয়া শুরু করেছে। অর্ডার নেয়া অব্যাহত থাকবে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত।
 
ইকুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল বলেন, ঈদের সময় ঢাকা শহরে আত্মীয়-স্বজনের বাসায় মাংস পৌঁছে দেওয়া খুব কঠিন হয়। অনেক সময় দেখা যায় বাসায় কাজের লোক না থাকা, যানবাহন না চলায় অনেকেই সমস্যায় পড়েন। সেই সমস্যা সমাধানে এবার আমরাই তাদের পাশে থাকছি।
 
তিনি জানান, তাদের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ঠিকানায় অর্ডার প্লেস করতে হবে। সেই অর্ডার অনুযায়ী ইকুরিয়ারের লোক গিয়ে মাংস সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে। মাংসের গুণগত মান ঠিক রাখার জন্য যারা প্রিঅর্ডার করবে তাদের ঈদের আগের দিন বক্স এবং পলিথিন পাঠানো হবে। ঈদের দিন এবং ঈদের পরের দিন এই সার্ভিস পাবেন ঢাকাবাসী।
 
প্রিঅর্ডার করার ওয়েবসাইট ঠিকানাঃ www.ecourier.com.bd/eid অথবা কল করতে পারে ০৯৬১২ ৩৩ ২২ ১২। 
 
 
ইত্তেফাক/এএসএস