নলছিটিতে একাধিক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

নলছিটি উপজেলার একাধিক হত্যা মামলার আসামি সাইদুল ওরফে কানমলা সাইদুলকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি উপজেলার নাচনমহল বাজার এলাকায় দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তি করতে স্থানীয় চেয়ারম্যান মো. কবির হোসেন উভয় গ্রুপকে নিয়ে নাচনমহল বাজার সংলগ্ন ব্রিজের নীচে তার ব্যবসা প্রতিষ্ঠানে সমঝোতার উদ্দেশ্যে বসেন। ওই সময় স্থানীয় উত্তেজিত জনতা নাচনমহল গ্রামের আজিজ তালুকদারের ছেলে সাইদুলকে কুপিয়ে হত্যা করে।

নলছিটি থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, নিহত সাইদুল উপজেলার কামদেবপুর গ্রামের সজল হত্যা মামলার প্রধান আসামি এবং আপন ভগ্নিপতি হত্যা মামলারও সাজাপ্রাপ্ত আসামি সে।