আগৈলঝাড়ায় খাল দখল করে ভবন নির্মাণ করায় দখলদারের দণ্ড

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় অবৈধভাবে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের অপরাধে শুক্রবার বিকালে দখলদার মোবারক সরদারকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে নির্মাণাধীন পাকা ভবনের কাজ বন্ধ করে লাল নিশান দিয়ে সীলগালা করে দেয়া হয়েছে।

খাল অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণের খবর পেয়ে ওইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস এসআই সুজনের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নির্মাণ কাজ বন্ধ করে ভবনটি লালফিতা দিয়ে ঘেরাও করে সিলগালা এবং দখলদার মোবারক সরদারকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।