ফতুল্লায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ফতুল্লায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে শুক্রবার রাতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, যুবলীগের মোস্তফা গ্রুপের সাথে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল প্রতিপক্ষ গিয়াস উদ্দিন গ্রুপের। ঘটনার রাতে মোস্তফা গ্রুপের এক সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করে গিয়াস উদ্দিন বাহিনীর সদস্যরা। এরপর ফের গিয়াস উদ্দিনের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ ফতুল্লার রামারবাগ শাহী মসজিদ এলাকায় আধা ঘণ্টা তাণ্ডব চালায়। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুইজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।