টরোন্টোতে দ্বিতীয়বারের মতো 'বাংলাদেশ পথমেলা' অনুষ্ঠিত হল ৫ সেপ্টেম্বর। বাংলাদেশ স্ট্রিট ফ্যাস্টিভাল অর্গানাইজেশন আয়োজিত এই মেলা এবারো বার্চমাউন্ট এবং ড্যানফোর্থ ইন্টার সেকশনের বার্চমাউন্ট প্লাজার পার্কিং এরিয়ায় অনুষ্ঠিত হয়।
লেবার-ডে ছুটির আমেজে দিনব্যাপী খোলা আকাশের নিচে বাংলাদেশিদের এমন মেলা উপভোগ করতে সেখানে উপস্থিত ছিল হাজার হাজার প্রবাসী বাঙালি।
সকাল থেকে খাবার, কাপড় এবং গয়নার স্টলসহ নানাবিধ স্টলে মানুষের যাতায়াত ছিলো বেশ। দুপুরে স্থানীয় শিল্পীদের দলীয় অংশগ্রহণে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তার পরপরই খোলা আকাশের নিচে উত্তপ্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে পরিবেশিত হয় প্রবাসে বেড়ে ওঠা শিশুশিল্পীদের নাচ এবং গান। উপচে পড়া দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। নাচ, গান, ফ্যাশন শো, নাটিকা, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি।
সব শেষে বাংলাদেশ থেকে আগত কুমার বিশ্বজিত এবং আঁখি আলমগীরের মন মাতানো গান শুনে মুগ্ধ হয় মানুষ।
ইত্তেফাক/আরএ