বেয়াদবি করলে এই রেস্তোরায় গুণতে হবে জরিমানা!

ভালো আচরণের জন্য বিলের কিছু অংশ দিতেই হবে না, তবে আচরণে অসংযত হলে বা বেয়াদবি করলে দিতে হবে অতিরিক্ত বিল! এই নিয়ম করেছে স্পেনের এক রেস্তোরা।
 
উত্তর-পূর্ব স্পেনের কোস্তা ব্রাভাতে রয়েছে 'ব্লাউ গ্রিফে ইন লাসা' নামের ওই রেস্তোরা, যার মালিকের নাম মারিসেল ভ্যালেন্সিয়া মাদ্রিদ। বেয়াদব গ্রাহকদের পিছনে চেঁচাতে চেঁচাতে ক্লান্ত হয়ে শেষমেশ এই নিয়ম করার সিদ্ধান্ত নেন ওই রেস্তোরার মালিক। 
 
মারিসেল ঠিক করেছেন, নিজের এই দোকান থেকেই ভদ্রতা ও শালীনতার পক্ষে প্রচারণা চালাবেন। যে সকল গ্রাহকরা খাবার দেওয়া-নেওয়ার সময়ে 'প্লিজ' বা 'থ্যাংকস' এর মতো শব্দ ব্যবহার করবেন, তাদের বিলের কিছুটা অর্থ মকুব করে দেওয়া হবে।
 
মারিসেলের সিদ্ধান্ত মোতাবেক, যে বা যারা হুকুম করার ঢংয়ে কফি অর্ডার করবেন তাদের কফির দাম হবে ৫ ইউরো। যারা তার চেয়ে কিছুটা নরম হয়ে বেয়ারাদের সঙ্গে কথা বলবেন তাদের কফির দাম কমে হবে ৩ দশমিক ৫ ইউরো। আর যারা গুড মর্নিং বলে তারপরে বেয়ারাকে কফির অর্ডার দেবেন তাদের ক্ষেত্রে কফির দাম হবে সব চেয়ে কম, ১.৩ ইউরো।
 
IMG0
 
মারিসেল জানিয়েছেন, তিনি তার রেস্তোরায় এই সংক্রান্ত একটি নোটিশও ঝুলিয়ে দিয়েছেন। এবং তারপর থেকে আশ্চর্যজনকভাবে ইতিবাচক ফল পাওয়া গেছে। এখন সকলেই খুব নম্রভাবে আচরণ করছেন। এমনকি, অভিভাবকেরা রুক্ষ আচরণ করার চেষ্টা করলেও বাচ্চারা তাদের থামিয়ে দিচ্ছে।
 
মারিসেলের রেস্তোরার এই নোটিশের ছবি তুলে অনেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন। তারপরই তা সারা স্পেন জুড়ে সাড়া তুলেছে। 
 
এই নোটিশ টাঙানোর পর কারও থেকে বাড়তি পয়সা নিতে হয়নি, জানালেন মারিসেল।
 
ইত্তেফাক/এএম