ইথিওপিয়ার কারাগারে আগুন, নিহত ২৩

ইথিওপিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডে অন্তত ২৩ বন্দি নিহত হয়েছেন।  শনিবার সকালে দেশটির রাজধানী আদ্দিস আবাবার কিলিনতো কারাগারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
সরকারি বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ২১ জন পদদলিত হওয়ার পর দমবন্ধ হয়ে মারা যান ও অপর দুজন কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে নিহত হন।
 
স্থানীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, কারারক্ষীরা কয়েদিদের গুলি করে মেরেছেন। কারাবন্দিদের জেল ভাঙার উদ্যোগের জেরে ইচ্ছা করে কারাগারে আগুন লাগিয়ে দেয়া হয়েছে, এমন খবরও প্রকাশিত হয়েছে;
 
আগুন লাগার পর সেখান থেকে ধারাবাহিক গুলিবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ওই কারাগারে সরকারবিরোধী প্রতিবাদকারীরা বন্দি ছিলেন।
 
২০১৫ সালের নভেম্বর থেকে দেশটির সবচেয়ে বড় নৃগোষ্ঠীর সদস্যরা ওরোমিয়া এলাকায় প্রতিবাদ-বিক্ষোভ দেখিয়ে আসছে। কিলিনতো কারাগারে বিচারের অপেক্ষায় থাকা বন্দিদের অনেক সময় তিন বছর থেকে শুরু করে আরো বেশি সময় অপেক্ষা করতে হয়। আল-জাজিরা
 
ই্ত্তেফাক/এমএইচ