তথ্যপ্রযুক্তি কোম্পানির আয়কর বিষয়ক কর্মশালা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও জাতীয় রাজস্ব বোর্ডের (কর অঞ্চল ১৫, ঢাকা)  উদ্যোগে তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর কোম্পানির আয়কর দাখিল বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার বেসিস মিলনায়তনে সংগঠনটির সদস্য কোম্পানিসমূহের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।
 
বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল-১৫ এর কর কমিশনার মাহবুবা হোসেইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য রঞ্জন কুমার ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন পরিদর্শী অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার রনজীত কুমার সাহা ও মঞ্জু মান আরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসিসের পরিচালক উত্তম কুমার পাল। এ ছাড়া উপস্থিত ছিলেন বেসিসের সহ-সভাপতি ফারহানা এ রহমান, পরিচালক সৈয়দ আলমাস কবীর, সাবেক সভাপতি ফাহিম মাশরুর ও বেসিসের অ্যাক্সেস টু ফিন্যান্স অ্যান্ড নিউ ইনভেস্টমেন্ট সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান শাহ ইমরাউল কায়ীশ।
 
কর্মশালায় দুইটি সেশনে বেসিসের সদস্যভুক্ত দেড় শতাধিক সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
IMG0
অনুষ্ঠানে বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বলেন, বর্তমান সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সচেতনার অভাবে অনেকেই সময়মতো আয়কর রিটার্ন দাখিল করেন না। ফলে তাদের ভোগান্তিতে পড়তে হয়। আয়কর নিয়ে বেসিসের সদস্য কোম্পানিগুলো যাতে আর ভোগান্তিতে না পড়ে সেই লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা থাকবে। 
 
প্রধান অতিথি মাহবুবা হোসেইন বলেন, সরকার বাংলাদেশকে ধারাবাহিকভাবে মধ্যম আয়ের দেশ ও উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে। এখানে তথ্যপ্রযুক্তি খাত অনেক গুরুত্ব বহন করছে। আয়কর অব্যাহতির মাধ্যমে এই খাতের বৈদেশিক আয় বাড়ানোর মাধ্যমে জিডিপিতে প্রবৃদ্ধি বাড়ানোর কার্যক্রম চলছে। এই খাত সংশ্লিষ্টদের সেই সুযোগটি নিয়ে সরকারের কার্যক্রমে এগিয়ে আসা উচিত। আয়কর অব্যাহতি থাকলেও অনেকের মধ্যেই এই বিষয়ে ভীতি কাজ করে।
 
মূল প্রবন্ধ উপস্থাপনে রঞ্জন কুমার ভৌমিক আয়কর হার, এ সম্পর্কিত পলিসি, রিটার্ন জমাদান, নূন্যতম কর, বিনিয়োগ কর, ব্যক্তিগত করসহ এ সম্পর্কিত সকল বিষয় তুলে ধরেন ও অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন।
 
ইত্তেফাক/ইউবি