ভারতের উত্তর প্রদেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘খাটিয়া সভা’ শেষ হওয়া মাত্র সব খাট তুলে চম্পট দিয়েছে সভায় আসা জনগণ। উত্তর প্রদেশের একটি গ্রামে সভা শেষে প্রায় দুই হাজার নতুন খাটিয়া তুলে নিয়ে পালিয়েছে জনগণ যার প্রতিটির দাম ৭০০ থেকে ৮০০ রূপি।
সভায় আসা জনগণের লুটতরাজ শুরু হয় একটি তাবুতে সংরক্ষিত পানির বোতল নিয়ে কাড়াকাড়ির মধ্যে দিয়ে। এরপরে কয়েকজন খাটিয়া কাঁধে নিয়ে দৌড়ানো শুরু করে যা বাকি সবাই অনুসরণ করে। মাঠে শুধুমাত্র কয়েকটি লোহার খাট পড়েছিল, কারণ এগুলো বহন করার জন্য অনেক ভারি।
উল্লেখ্য, ভারতের খাট সভা গ্রামের কৃষকদের সঙ্গে সংযোগ স্থাপনের একটি উদ্ভাবনী পদ্ধতি। এখানে কাঠ ও দড়ি দিয়ে তৈরি খাটিয়ায় গ্রামের মোড়ল স্থানীয় ব্যক্তিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে। এই খাট সভার মাধ্যমে উত্তর প্রদেশে মাসব্যাপী প্রচারণা শুরু করেছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। আগামী বছরের শুরুতে সেখানে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ