হংকংয়ের ছাত্রনেতা নাথান ল চীনের কাছে স্বাধীনতা চাওয়ার কথা অস্বীকার করেছেন। গণতন্ত্রপন্থী এই তরুণ নেতা বলেন, চীনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য আইনসভার আসনকে তিনি ব্যবহার করবেন না।
বিবিসিকে নাথান বলেন, আমি স্বাধীনতার পক্ষে প্রচার করছি না। আমি শুধু বলতে চাই, হংকংয়ের মানুষ তার নিজের ভাগ্য নির্ধারণ করুক। হংকংয়ের স্বাধীনতাপন্থীদের শাস্তি দিতে চীনের হুমকির পর এই কথা বললেন নাথান ল।
চীনের হংকং ও ম্যাকাও বিষয়ক দফতরের দেয়া এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনী প্রচারণার সময় অনেক প্রার্থী প্রকাশ্যে স্বাধীনতার পক্ষে সমর্থন জানিয়েছিলেন। এর পরই চীনের পক্ষ থেকে হুমকি দিয়ে বার্তা দেয়া হয়।
ওই বিবৃতি থেকে উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ায় বলা হয়, ‘আইন অনুযায়ী আমরা হংকং এসএআর (বিশেষ প্রশাসনিক অঞ্চল) সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করি। যারা আইন ভঙ্গ করবে, তাদেরকে শাস্তি পেতে হবে।’
ইত্তেফাক/এমএএস