ফের ডাকসু নির্বাচন দাবিতে বামজোট ও ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ডাকসুর নবনির্বাচিত কমিটির প্রথম অধিবেশন চলাকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও একাধিক বাম ছাত্রসংগঠেনর নেতাকর্মীরা। এসময় ডাকসু ভবনের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। এছাড়া ডাকসু নির্বাচনে কারচুপির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দায়িত্ব নেওয়া নির্বাচিতদের ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন বাম অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।

ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে উপাচার্যের পদত্যাগ এবং পুনরায় ডাকসু নির্বাচনের জন্য অনতিবিলম্বে তফসিল ঘোষণার দাবি জানানো হয়। বক্তব্য রাখেন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান খন্দকার অনিক। এসময় ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করা মোস্তাফিজুর রহমানসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্র ফেডারেশন তাদের মানববন্ধনে অভিষেক অনুষ্ঠান থেকেই পুনর্নির্বাচনের ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে। ডাকসু অধিবেশন চলাকালে ডাকসু ভবনের সামনে বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেছেন এ সংগঠনের নেতাকর্মীরা। এসময় ডাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদে শিক্ষার্থী প্রতিনিধি ও পুনঃনির্বাচনের দাবিও জানানো হয়।