২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে আইফোন ৬ এস। ক্রেতাদের মাঝে বিপুল সাড়া জাগিয়েছিলো আইফোন ৬ এস মডেলটি। ঠিক এক বছরের মাথায় নতুন ফোন নিয়ে বাজারে আসছে অ্যাপল। বুধবার মুক্তি পেতে চলেছে আইফোন ৭।
সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে অ্যাপলের সর্বাধুনিক ফোনটি। কয়েকদিনের মধ্যেই বিশ্বের বাজারে ছড়িয়ে পড়বে এই ফোন। তবে বিকাশমান স্মার্টফোনের বাজারে আসতে এখনও মাস দেড়েক দেরি আছে।
কী কী বিশেষত্ব থাকছে নতুন ফোনে? যা রটে, তার কিছু বটে। এক্ষেত্রে যদি ‘কিছু’ না হয়ে পুরো রটনাটাই সত্যি হয়ে থাকে, তবে আইফোন ৭ -এর বডি ১ মিলিমিটার পাতলা হতে চলেছে।
হেডফোনের পোর্ট নিয়ে ক্রেতাদের চিন্তার কোনও কারণ নেই। একই মাপের পোর্ট আইফোন ৭-এ থাকবে বলে দাবি গুঞ্জনকারীদের।
ডিভাইসটি হবে 'ওয়াটার সেফ'। মনে করুন, হাত ফসকে জলের ট্যাঙ্কে পড়ে গেল আপনার আইফোন ৭! না না, ফোনের অবস্থা নিয়ে একদম চিন্তা করবেন না। ভাবুন, কী করে তাকে উদ্ধার করা যায়। জল থেকে তুলে নিলেই আবার যে কে সেই। আগের মতোই স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করা যাবে ফোন। আইফোন ৭ সম্পূর্ণ পানিরোধী।
এই ফোনটিও হবে 'পিকচার পারফেক্ট'। আইফোন ৬ বা আইফোন ৬ এস-এর ক্যামেরা নিয়ে বিশেষ কোনও অভিযোগ শোনা যায়নি ক্রেতাদের থেকে। তাই আশা করা যাচ্ছে, আইফোন ৭-এও এর ব্যতিক্রম ঘটবে না।
আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাসে আসতে চলেছে নতুন কিছু সংযোজন। এছাড়া দুটি ফোনেই থাকছে ১২ মেগাপিক্সেল সেন্সর।
ইত্তেফাক/এএম