বাংলাদেশ তথ্য-প্রযুক্তিতে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বলেছেন, 'বাংলাদেশ বর্তমানে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন এবং তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।'
 
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একথা বলেন।
 
ডিআরইউ 'তথ্য-প্রযুক্তি, নিউমিডিয়া ও গণমাধ্যম' শীর্ষক এই সেমিনারটি আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক অজিত কুমার সরকার।
 
আইসিটি এ্যাক্টের ৫৭ ধারা নিয়ে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের বক্তব্য প্রসঙ্গে জুনায়েদ আহমেদ পলক বলেন, 'আপনারা বলেছেন কিছু কিছু জায়গায় ৫৭ ধারা নিয়ে সমস্যা হচ্ছে। আমি মনে করি অবশ্যই আইন থাকা দরকার। তবে এ আইনটির মাধ্যমে যাতে সাংবাদিকরা হয়রানির শিকার না হন সেজন্য তা সংশোধনের জন্য আইনমন্ত্রী মহোদয়কে পরামর্শ দেব। আইসিটি আইনটি 'ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট-২০১৬' তে একত্রীভূত হতে যাচ্ছে। বর্তমানে এটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে আছে। এ আইনটি নিয়ে আমাদের এখনো পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে।
 
সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে নিয়ে একটি অনলাইন মিডিয়ায় বিভ্রান্তিকর খবর প্রকাশের পর, সে বিষয়ে আইনগত পদক্ষেপ প্রসঙ্গে জুনায়েদ আহমেদ পলক বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান একজন আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তিবিদ। তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার। তার সম্পর্কে একেবারেই মিথ্যা ও বানোয়াট তথ্য সংবাদ মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। তাকে নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে-এটা ষড়যন্ত্র হতে পারে, সংবাদ হতে পারে না। আর এসব ষড়যন্ত্র মূলক তথ্য সরবরাহকারীর বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, এটা উদ্দেশ্যমূলক হিসেবে দেখবেন না আপনারা।' যেন এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা না হয় সেজন্য সবাইকে সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, '২০১৪ সালে যখন ফেসুবকের সদর দফতর পরিদর্শনে যাই, দেখি তাদের কাছে বাংলাদেশের কোনো ম্যাপ নেই। আমি তাদের কাছে আমাদের দেশে ফেসবুক ইউজারের সংখ্যার তথ্য তুলে ধরি। বাংলাদেশসহ ২০০ টি দেশে ফেসবুক ইউজার রয়েছে। আমাদের দেশে দুই কোটির উপরে ফেসবুক ইউজার রয়েছেন। তবে, আমাদের দেশে ফেসবুকের কোনো অফিস নেই। ফেসবুক কর্তৃপক্ষকে আমাদের দেশে অফিস করতে চাপ দিচ্ছি।'
 
সেমিনারে ডিআরইউ নেতৃবৃন্দের সংগঠনের উন্নয়নে সহযোগিতা চাওয়ার প্রেক্ষিতে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ডিআরইউ মিডিয়া সেন্টারে ১১ টি কম্পিউটার এবং একটি মাল্টিমিডিয়া পাওয়ার প্রজেক্টর দেওয়ার ঘোষণা দেন। একইসাথে তিনি 'ডিআরইউ বেস্ট রিপোর্টিং এ্যাওয়ার্ড'-এর জন্য আইসিটি বিষয়ে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার জন্য ২টি পুরষ্কারের অর্থ তার মন্ত্রণালয় থেকে সংস্থানের ঘোষণা দেন। এ দুটি পুরষ্কারের মূল্যমান ঘোষণা করা হয় ৫০ হাজার টাকা করে।-বাসস।
 
ইত্তেফাক/এসএস