বিএনপিও জামায়াতের মতো রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে —হানিফ

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন- বিএনপিও জামায়াতের মত দেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে। গতকাল শনিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন- ‘বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যত্ নেই। তারা ইতোমধ্যে রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে। এখন তারা আওয়ামী লীগে অনুপ্রবেশ করার চেষ্টা করবে। বিএনপি-জামায়াতের কোনো নেতা-কর্মী যাতে আওয়ামী লীগ বা কোনো সহযোগী সংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ তারা দলে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করবে।’

দেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন- আওয়ামী লীগ গণতন্ত্র ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে বলেই বিএনপি গণমাধ্যমের সহায়তায় নির্লজ্জভাবে মিথ্যাচার করতে পারছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোঃ আবু কাউছারের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শহীদ বুদ্ধিজীবী কন্যা ডা. নুজহাত চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মেজবাউল আলম সাচ্চু, সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাজ্জাদ সাকিব বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাস প্রমুখ।