সুবিধাবঞ্চিত শিশুদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর রায়ের বাজারে জাগো স্কুলে এলজি আইটি একাডেমির নির্মাণ কাজ হয়েছে। বৃহস্পতিবার এই একাডেমি নির্মাণ কাজ শুরু হয়।
একাডেমি প্রসঙ্গে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক অ্যাডওয়ার্ড কিম বলেন, ‘এলজি টেকসই উন্নয়নে বিশ্বাস করে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। শিশুরা স্কুল পর্যায়ে সঠিক ও মানসম্পন্ন শিক্ষা পেলে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠে। পাশাপাশি প্রাযুক্তিক উন্নয়নের এ সময়ে শিশুরা পর্যাপ্ত প্রযুক্তি জ্ঞান পেলে বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠবে। এলজি আইটি অ্যাকাডেমির মাধ্যমে সেই বিশ্বনাগরিক হওয়ার পথ তৈরি হবে।’
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আইটি একাডেমিটির নির্মাণ কাজ শেষ হবে। এটি নির্মাণে আর্থিক সহায়তা দিচ্ছে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ।
সম্প্রতি ‘এলজি আইটি একাডেমি’ নির্মাণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন। এমওইউতে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক অ্যাডওয়ার্ড কিম এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখসান্দ স্বাক্ষর করেন।
এলজি আইটি একাডেমিতে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত জ্ঞান অর্জন করবে ছাত্র-ছাত্রীরা। একইসাথে তথ্যপ্রযুক্তির নানা দিকও তারা জানতে পারবে। সহজে ও খেলার ছলে এখানে শিশুদের প্রযুক্তি শিক্ষা দেয়া হবে। এর মাধ্যমে তারা ভালো শিক্ষার্থী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের। আধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে পারবে এই শিক্ষার্থীরা।
ইত্তেফাক/এমএইচ