সড়কে নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবে ১৪ দল :নাসিম

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, সড়ক-মহাসড়কে নৈরাজ্য, নানা ক্ষেত্রে প্রশাসনের শিথিলতা, মাদক ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে এখন থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলবে ১৪ দল।

গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসিম আরও বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থায় কিছু ফ্রাঙ্কেনস্টাইন গড়ে উঠেছে, যারা কারো কথাই মানতে চান না। এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশনাও তারা মানছেন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখনো কেন তা বাস্তবায়ন হলো না? কিছু অতি উত্সাহী শ্রমিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও সরকার সমর্থিত পেশাজীবী লোকজন কিছুই মানছেন না। এদের রুখতে না পারলে শেখ হাসিনার কষ্টার্জিত সকল অর্জন ধ্বংস হয়ে যাবে। তাই ১৪ দল সভা-সমাবেশ, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবে।

মোহাম্মদ নাসিম আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহস, বিচক্ষণতা ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের কারণে আমরা টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছি। শেখ হাসিনা কঠোর হাতে জঙ্গি দমন করেছেন। শিক্ষা-স্বাস্থ্যসহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।  কিন্তু কিছু লোক আছে বিভিন্ন জায়গায়, তারা প্রধানমন্ত্রীর চেয়ে বেশি ক্ষমতাবান মনে করছেন নিজেদের।

তিনি বলেন, উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা চান। এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। কিন্তু কিছু কিছু প্রভাবশালী নেতা এখনো প্রশাসনকে চাপ দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বাধা সৃষ্টি করছে। এসব তথাকথিত ক্ষমতাধর ব্যক্তি কারা? যারা প্রভাব বিস্তার করে নির্বাচনকে বিতর্কিত করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আপনারা ক্ষমতা প্রয়োগ করবেন। এ ধরনের কোনো কারচুপির চেষ্টা যেন না হয়, দেখবেন। নির্বাচনে ভোটারদের ভোট দিতে হবে। ভোটার আসতে হবে।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মোজাফফর হোসেন পল্টু, আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা এমএ করিম, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।