অবশেষে দুয়ের্তের সঙ্গে কথা বললেন ওবামা

আনুষ্ঠানিক বৈঠক বাতিল করলেও শেষ পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে কথাবার্তা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
 
গত বুধবার লাওসে আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস) সম্মেলন চলাকালে জাঁকজমকপূর্ণ নৈশ ভোজের আগে দুই নেতার মধ্যে ওই সাক্ষাত্ হয়। যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের শীর্ষ কর্মকর্তারা তাদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে দুয়ের্তে ওবামাকে ‘বেশ্যার ছেলে’ বলে গালি দিলে পূর্ব নির্ধারিত একটি বৈঠক বাতিল করেছিল যুক্তরাষ্ট্র।
 
ওবামা-দুয়ের্তের সাক্ষাত নিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্টের সফরসঙ্গী ও দেশটির পররাষ্ট্রম সচিব পারফেক্টো ইয়াসে সাংবাদিকদের বলেন, ‘হোল্ডিং রুমে তারা কথাবার্তা বলেন। সবার শেষে তারা হোল্ডিং রুম ত্যাগ করেন। তবে তাদের এ সাক্ষাত্ কতক্ষণ ধরে চলে তা আমি বলতে পারবো না। শেষ পর্যন্ত তাদের সাক্ষাত্ হয়েছে, এতেই আমি খুশি।’ এদিকে হোয়াইট হাউজের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, আসিয়ান সম্মেলনের জাঁকজমকপূর্ণ নৈশ ভোজের আগে দুই নেতা সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন। তারা পরস্পর ‘হাস্য-রসিকতা’ বিনিময় করেন।
 
উল্লেখ্য, লাওসে আসিয়ান সম্মেলনের ফাঁকে ওবামার সঙ্গে দুতের্তের পূর্ব নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মঙ্গলবার; কিন্তু ওবামার লাওস পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে তাকে উদ্দেশ করে গালি দিয়েছিলেন দুয়ের্তে। এর প্রতিক্রিয়ায় ওই বৈঠক বাতিল করে যুক্তরাষ্ট্র।
 
ইত্তেফাক/এমএইচ