নিউজিল্যান্ডে হামলার শিকার দুই মসজিদই খুলেছে

ইত্তেফাক ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদই খুলে দেওয়া হয়েছে। গতকাল শনিবার আল নূর ও লিনউড মসজিদ খুলে দেয় সরকার। মুসলিমরা সেখানে প্রার্থনা করতে যান। গত ১৫ মার্চ এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর হামলায় প্রার্থনারত ৫০ মুসল্লির মৃত্যুর পর বন্ধ ছিল মসজিদ দুটি। খবর রয়টার্স ও ভয়েস অব আমেরিকার

গতকাল সকালে মুসল্লিসহ ধর্মীয় নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে আল নূর মসজিদে যান। তাদেরকে পুলিশি নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়। মসজিদে প্রবেশের আগে পুলিশ কর্মকর্তারা সবাইকে ব্রিফ করেন। ১৫ জনের একটি দল জোহরের নামাজ আদায় করেন। এদের মধ্যে শ্বেতাঙ্গ জঙ্গির হামলায় হতাহতদের কয়েকজন স্বজন এবং অনেক জীবিত ব্যক্তি ছিলেন। এই সময় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। পুলিশ জানিয়েছে, লিনউড মসজিদও খুলে দেওয়া হয়েছে। মসজিদের জানালা, দরজা মেরামত করা হয়েছে এবং দেয়ালে নতুন করে রং করা হয়েছে। জর্ডানের প্রিন্স এল হাসান বিল তালাল মসজিদ পরিদর্শন করেছেন। তিনি হামলাকে মানবতার বিরুদ্ধে বলে উল্লেখ করেছেন। এছাড়া দেশটির মুসলিম সমপ্রদায়ের নেতারা মসজিদ দুটি পরিদর্শন করেছেন। এদিকে গতকালও ক্রাইস্টচার্চে ভালবাসার র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় তিন হাজার নাগরিক অংশ নেন। একজন অংশগ্রহণকারী তার প্লাকার্ডে লিখেছেন, ‘মুসলিমরা স্বাগত, বর্ণবাদীরা নয়’।