তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগের এখনই মুখ্য সময়: শামীম আহসান

 
তথ্যপ্রযুক্তিতে বিশেষ করে দেশীয় ই-কমার্স কোম্পানিতে প্রবাসীদের বিনিয়োগের এখনই মুখ্য সময় বলে মনে করেন ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল এর জেনারেল পার্টনার  এবং ই-জেনারেশন এর চেয়ারম্যান  শামীম আহসান।
 
শামীম আহসান বলেন, এটি কার্নির রিপোর্ট অনু্যায়ী  বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ তথ্যপ্রযুক্তি গন্তব্যস্থল। দেশি ই-কমার্স কোম্পানিগুলো অত্যন্ত সফলতার সাথে বিদেশি ই-কমার্স জায়ান্টদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সফলতা ধরে রাখছে। তিনি আরও বলেন, বাংলাদেশ  শক্তিশালী গার্মেন্টস সেক্টরের মাধ্যমে পৃথিবীর বুকে যেমন নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছে একই সাথে দেশের অর্থনীতিকে করেছে বলিষ্ঠ। আইটি সেক্টর হতে পারে দেশের পরবর্তী বৈদেশিক মুদ্রা এবং দেশী ব্যবসার বিনিয়োগ খাত।

৩০তম ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিনে গত ৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির শেরাটন হোটেলে হয়ে গেল দেশে ও দেশের বাইরে অবস্থিত আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত আইটি সেমিনার। ফোবানা কনভেনশনের উৎসবের আমেজ ভরা পরিবেশে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, আইটি ক্ষেত্রে সম্ভাবনা, সরকারি- বেসরকারি উদ্যোগ নিয়ে তথ্যবহুল আলোচনা ছিল সেমিনারের প্রতিপাদ্য।
 
লেখক, প্রবক্তা, পরামর্শক, শিক্ষাবিদ  ও এই সেমিনারের সঞ্চালক ডক্টর বদরুল হুদা খান তার বক্তব্যে বলেন, ই-লার্নিং, ই-কমার্স সহ সকল ই সেবায় বাংলাদেশি কোম্পানিরা বিশ্বের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে।
 
বক্তব্যে প্রকৌশলী আবুবকর হানিফ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস, বৈদেশিক রেমিটেন্স, কৃষিখাত এই তিনটি সেক্টর বিশেষ অবদান রাখছে। বাংলাদেশ সরকার চতুর্থ ভিত্তি হিসেবে আইটি সেক্টরকে ভাবছে কিন্তু এই আইটি সেক্টরই হতে পারে বাংলাদেশ অর্থনীতির প্রধানতম ভিত্তি । পিপল এন টেক কোর্স এবং প্রশিক্ষণের মাধ্যমে ২০০৪ সাল থেকে অদ্যাবধি প্রায় চার সহস্রাধিক বাংলাদেশিকে বছরে ৮০ হাজার ডলার থেকে দুই লক্ষ ডলার পর্যন্ত বেতনের চাকুরী প্রদানে সহায়তা করবে।
 
সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ দুতাবাসের ইকোনোমিক মিনিস্টার সাহবুদ্দিন পাটোয়ারী, ফামা ক্যাশ এর সিইও ডক্টর সাইফুল খন্দকার, টেকনাফ এর প্রেসিডেন্ট ফয়সাল কাদের,  ক্রিকেট পয়েন্ট এর সিইও কাজী জামান প্রমুখ। সবশেষে আইটি সেক্টরে বিশেষ অবদানের জন্য  প্যানেলিষ্টদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।