গ্যালাক্সি নোট-৭ ফোন নিয়ে বিমানে না ওঠার পরামর্শ

স্যামসাংয়ের নোট সিরিজের সর্বশেষ ফোন গ্যালাক্সি নোট-৭ নিয়ে বিমানে না ওঠার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে বিমানে চড়ে ফোনটি চার্জ না দিতে ও অফ করে রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ) কর্তৃপক্ষ। এমনকি কোন লাগেজে এই ফোনটি বহন না করারও পরামর্শ দিয়েছে তারা।
 
চার্জিং অবস্থায় ও চার্জ দেয়ার পর এই মডেলের বেশ কয়েকটি ফোনে আগুন লাগার ঘটনা সামনে আসার পর বিক্রি হওয়া ফোনগুলো ফিরিয়ে নিতে শুরু করেছে স্যামসাং। কোয়ান্টাস ও ভার্জিন অস্ট্রেলিয়াও তাদের যাত্রীদের ফোনটিকে বিমানে চার্জ বা ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
 
স্যামসাং জানিয়েছে ত্রুটিপূর্ণ ফোনগুলোর ব্যাটারি পাল্টে খুব দ্রুত গ্রাহকদের কাছে ফোন পৌঁছে দেয়ার চেষ্টা করছে তারা। ব্যাটারির কারণেই গ্যালাক্সি নোট-৭ ফোনগুলোতে আগুন লাগার ঘটনা ঘটছে বলে নিশ্চিত করেছে স্যামসাং কর্তৃপক্ষ। তবে বিক্রি হওয়া ফোনগুলোর মধ্যে কোনটির ব্যাটারিতে সমস্যা রয়েছে তা বের করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সূত্র: বিবিসি
 
ইত্তেফাক/এমএএস