শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুর থানায় এক প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন হয়েছে। পুলিশের মধ্যস্থতায় দুই পরিবারের সম্মতিতে তিন লাখ টাকা দেনমোহরে এই বিয়ে সম্পন্ন হয়। গতকাল শনিবার দুপুরে পৌরসভার কাজী ডেকে থানার সার্ভিস ডেলিভারী সেন্টার কক্ষে রেজিস্ট্রি ও বিয়ে পড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া পশ্চিমপাড়া গ্রামের ফজর আলীর ছেলে সুমন সেখের (২৩) সঙ্গে ঢাকা গাজীপুর জেলার মনিপুর এলাকার মতিন সেখের মেয়ে মাহি সেখের (২১) মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ঘটে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ দুই বছর ধরে যোগাযোগ অব্যাহত থাকার সূত্র ধরে গত শুক্রবার মাহি সেখ তার এক ফুফাতো বোনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে শেরপুর উপজেলার বাগড়া গ্রামস্থ সুমন সেখের বাড়ি এসে উঠে। স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই প্রেমিক যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। একপর্যায়ে উভয় পরিবার বিয়েতে সম্মতি দেয়। পরে কাজী ডেকে তাদের বিয়ে দেওয়া হয়।