মাহমুদ আব্বাসকে কেজিবির এজেন্ট দাবি

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সাবেক সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর সংস্থা কেজিবির এজেন্ট ছিলেন বলে ইসরাইলের দুইজন গবেষক দাবি করেছেন। তবে তাদের এই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে তা উড়িয়ে দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
 
গিডিয়ন রেমেজ এবং ইসাবেলা গিনর নামে দুই ইসরাইলি গবেষক দাবি করেন, ফিলিস্তিনের বর্তমান প্রসিডেন্ট মাহমুদ আব্বাস আশির দশকের শুরুর দিকে তত্কালীন সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির জন্য কাজ করতেন। ইসরাইলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকরা বলেছেন, সোভিয়েত আমলের একটি নথিতে কেজিবির এজেন্ট হিসেবে আব্বাসের নাম রয়েছে। সোভিয়েত পক্ষত্যাগকারী এজেন্ট ভাসিলি মিত্রোখিনের যুক্তরাজ্যে পাচার করা নথিতে এটা পাওয়া গেছে। যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে এই নথিটি সংরক্ষিত ছিল।
 
জেরুজালেম থেকে বিবিসির সাংবাদিক জানান, নথিতে আব্বাসের জীবনী সংক্রান্ত বিবরণ সঠিকভাবে থাকলেও, কিভাবে ও কখন তাকে নিয়োগ দেয়া হয়েছে এবং তিনি কেজেবির এজেন্ট হিসেবে কতদিন কাজ করেন, তার কোনো উল্লেখ নেই।
 
প্রসঙ্গত, মাহমুদ আব্বাস ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনে ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠিত হলে তার পরিবার সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যায়। ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে ১৯৫৯ সালে ফাতাহ আন্দোলন শুরু করেন তিনি। ১৯৬৪ সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) গঠিত হলে তিনি এই সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন।
 
এদিকে আব্বাসের একজন মুখপাত্র ইসরাইলি গবেষকদের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি এই দাবিকে ফিলিস্তিনি প্রেসিডেন্টের প্রতি ইসরাইলি ‘কালিমা লেপন’ বলে বর্ণনা করেন। ফিলিস্তিনি প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বলেছেন, এই অভিযোগ ইসরাইলের বানানো। তিনি জানান, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কর্তৃক আয়োজিত নতুন একটি শান্তি আলোচনায় অংশ নিতে ইচ্ছুক নন নেতানিয়াহু। তাই এই মিথ্যার আশ্রয় নেয়া হয়েছে।’ উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজেও তার দেশের গুপ্তচর সংস্থা কেজিবির এজেন্ট ছিলেন। -বিবিসি
 
ইত্তেফাক/এমএএস