রাজধানীর ডেমরায় গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আট বছরের এক শিশু মারা গেছে। ওই শিশুর নাম তাহসান। সে স্থানীয় এক মাদ্রাসার হেফজ (হাফিজি) বিভাগের শিক্ষার্থী। গতকাল শনিবার দুপুরে ডেমরার কদমতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশুটির মামা আজগর আলী জানান, তাহসানের বাবার নাম গিয়াস উদ্দিন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের আশারকোঠা গ্রামে। দুই ভাই এক বোনের মধ্যে তাহসান ২য়। তাহসান তার পরিবারের সঙ্গে ডেমরার মাতুয়াইল কদমতলা মুসলিম নগরের একটি ৩ তলা ভবনের ২য় তলায় ভাড়া থাকে। গতকাল দুপুরে তাহসান ও তার বড় ভাই বাসার বারান্দায় খেলা করছিল। হঠাত্ তাহসানের গলায় থাকা গামছাটি পেচ লেগে যায়। এতে তাহসান অচেতন হয়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে।