বিকাশমান বাজারে আসছে রেডমি প্রো

অক্টা-কোর প্রসেসরের দিন শেষ হতে চলল বলে। আরও উন্নততর প্রযুক্তি ডেকা-কোর প্রসেসরের ফোন যত তাড়াতাড়ি যত বেশি সংখ্যায় আসতে থাকবে বাজারে, ততই বাজার থেকে বিদায় নেবে অক্টা-কোর প্রসেসরের ফোন। জুলাই মাসেই ডেকা-কোর প্রসেসর নিয়ে প্রকাশ্যে আসে ‘জোপো স্পিড ৮’ স্মার্টফোন। নির্মাতা সংস্থার দাবি, এটিই পৃথিবীর দ্রুততম স্মার্টফোন।  
 
ওই মাসেই ডেকা-কোর প্রসেসর নিয়ে চীনে উন্মোচিত হয় শাওমি রেডমি প্রো। এই ফোনটি বিকাশমান বাজারে আসবে কিনা সেই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। 
 
প্রযুক্তি বিশ্বে গুঞ্জন, এই মাসেই উন্মোচিত হতে চলেছে রেডমি নোট টু। তবে রেডমি প্রো-র বিকাশমান বাজারে উন্মোচিত হওয়া নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছে নির্মাতা। গুঞ্জনকারীদের দাবি, শিগগিরই বিকাশমান বাজারে আসবে এই ফোন।
 
ফোনটিতে ৫.৫ ইঞ্চি স্ক্রিন, ১০৮০x১৯২০ পিক্সেল ফুল এইচডি ওলেড ডিসপ্লে, ২.১ গিগাহার্টজ ডেকা-কোর মিডিয়াটেক প্রসেসর, ৩ জিবি র্যা ম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ডেপথ সেন্সিং ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। 
 
এছাড়াও ডুয়াল সিম ও ফোরজি সমর্থিত ফোনটি ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ সুবিধা সমর্থন করবে। এতে আরও থাকবে ৪০৫০ এমএএইচ ব্যাটারি, ২.৫ ডি কার্ভড গ্লাস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি।
 
ইত্তেফাক/এএম