একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণ দেখিয়ে বিভিন্ন নিয়োগ স্থগিত করতে কয়েকটি মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নামে ভুয়া চিঠি পাঠানো হয়েছে। সব মন্ত্রণালয় ও অধিদপ্তরের শূন্য পদে নিয়োগ কার্যক্রম স্থগিতের কথা বলা হয়েছে ওই জাল চিঠিতে। কমিশন সচিবের প্যাড ব্যবহার করে পিএসসির উপসচিব সুব্রত কুমার দের স্বাক্ষর নকল করে গত ১১ নভেম্বর ওই জাল চিঠি ছাড়া হয় বলে গতকাল বৃহস্পতিবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওই চিঠি পিএসসি জারি করেনি জানিয়ে এ বিষয়ে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করা হয়েছে।
‘সরকারি সকল শূন্য পদে নিয়োগ স্থগিত করা প্রসঙ্গে’ শিরোনামে ভুয়া ওই চিঠিতে বলা হয়, ‘উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীনে শূন্য পদে নিয়োগপ্রাপ্তদের নির্বাচন কমিশন তফসিল ঘোষণার কারণে নিয়োগ স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্তৃক প্রেরিত প্রস্তাবটি কমিশন সমীপে উপস্থাপন করা হলে প্রাপ্ত কাগজপত্র ও তথ্যবলীর ভিত্তিতে সকল বিভাগের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়। উক্ত নিয়োগ আদেশ পুনরায় আগামী ৩ ডিসেম্বর ২০১৮ ইং হতে দেওয়ার জন্য বলা হলো।’
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, ‘ওই চিঠি সম্পূর্ণ ভুয়া। এটির কোনো ভিত্তি নেই। আমরা এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি। মানুষকে বিভ্রান্ত করতেই এ ধরনের চিঠি দেওয়া হয়েছে। এ চিঠির কোনো বৈধতা নেই। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বলা হচ্ছে।
তিনি আরো বলেন, এই ভুয়া চিঠি জারির বিষয়ে পিএসসির পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থাগুলোকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।