রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু

 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন রবিবার দুপুর ১২টা থেকে অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ তথ্য জানান।
 
আসলাম হোসেন জানান, দুপুর ১২টা ১ মিনিট থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপ-কমিটির সিদ্ধান্তক্রমে ভর্তির আবেদন প্রক্রিয়ার সময় ও আবেদনকারীর যোগ্যতা শিথিল করা হয়েছে। মানবিক থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। যা আগে ছিল ৭.৫০। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে। যা আগে ছিল ৮.০০। আর বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে। যা আগে ছিল ৮.৫০। ভর্তির জন্য আগামী ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে ০২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন বলে জানান তিনি।
 
তিনি আরো জানান, এবার ভর্তির আবেদন ফি-তে কিছু পরিবর্তন আনা হয়েছে। বি ইউনিটে ৩৩০ টাকা দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে, যা আগে ছিল ৩০০টাকা; সি ইউনিটে ৭১৫ টাকা, আগে ছিল ৭০০ টাকা; ডি ইউনিটে ৫৫০ আগে ছিল ৫০০ টাকা; ই ইউনিটে ৮২৫, আগে ছিল ৮০০টাকা; এফ ইউনিটে ৬০৫ আগে ছিল ৫৫০টাকা এবং এইচ ইউনিটে ৫৫০, আগে ছিল ৫০০টাকা। এ, জি ও আই ইউনিটে ফি অপরিবর্তিত রয়েছে।
 
মোট নয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৩ থেকে শুরু ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ২০১৬-তে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ২০১৫ সালে উত্তীর্ণদের দ্বিতীয়বার ভর্তির আবেদনের সুযোগ থাকছে না। ৫৬ টি বিভাগে ও দুইটি ইনস্টিটিউটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/এএসএস