বাংলাদেশি নাগরিকদের জন্য ‘প্রবেশ মাত্রই’ (অন অ্যারাইভাল) ভিসা দিচ্ছে চীন। গতকাল বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। এখন থেকে জরুরি মানবিক প্রয়োজন, বাণিজ্যিক কাজ, প্রকল্প মেরামত, পর্যটন বা অন্য কোনো জরুরি কাজের জন্য চীনের ‘পোর্ট ভিসা’ সহজেই পাওয়া যাবে।
বিবৃতিতে বলা হয়েছে, চীনে ভ্রমণের জন্য সেদেশের পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে যেতে হবে। বাণিজ্যিক কাজ, প্রকল্পের মেরামত বা অন্য কোনো জরুরি কাজের জন্য কোনো চীনা পক্ষ থেকে আমন্ত্রণ পেতে হবে। চীনা দূতাবাসের মুখপাত্র চেন ওয়েই আরো বলেন, অন্যান্য বিদেশিদের মতো বাংলাদেশিদেরও পোর্ট ভিসার সুযোগ দেওয়া হবে। এই ভিসায় ভ্রমণকারীরা চীনে ৩০ দিন অবস্থান করতে পারবেন। বাংলাদেশিরাও, প্রয়োজনীয় শর্ত পূরণ করে এবং সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করে, চীনের বিমানবন্দর থেকে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।