ফ্রান্স আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে এম এ কাশেম এবং সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
গত ১৮ সেপ্টেম্বর (রবিবার) ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে পোর্ট দ্য পান্তা’র একটি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বটি পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম। ফ্রান্স আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সংগঠনের বিগত দিনের কর্মকাণ্ড সংক্ষেপে উপস্থাপন করেন।
স্থানীয় সময় রাত ৮ টা ১৮ মিনিটে বিদায়ী সভাপতি বেনজির আহমেদ সেলিম ফ্রান্স আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। এ সময় তিনি কেন্দ্র নির্দেশিত বিভিন্ন জাতীয় ও দলীয় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য বিদায়ী কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান। পাশাপাশি দল পরিচালনায় সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিদায়ী কমিটির সভাপতির বক্তব্যের পর সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী , গোলাম মোস্তফা হাসান ও রানা চৌধুরী।
দ্বিতীয় পর্বে স্থানীয় সময় রাত ৮ টা ৩৪ মিনিটে সভাপতি ও সাধারন সম্পাদক পদের জন্য প্রার্থীতা আহবান করেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ। এ সময় ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও দু বারের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব মৃর্ধা সভাপতি পদে এম এ কাশেমের নাম প্রস্তাব করেন। ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাহেদ আলী প্রস্তাবের পক্ষে সমর্থন জানান । সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এম এ কাশেম কে সভাপতি ঘোষণা করা হয় ।
সাধারণ সম্পাদক পদে ফ্রান্স আওয়ামী লীগের সদস্য সৈয়দ শাকিল রেজা মুজিবুর রহমানের নাম প্রস্তাব করলে ফ্রান্স আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক নজরুল চৌধুরী এই প্রস্তাবের সমর্থন করেন । এ পদে আর কোন প্রার্থী না থাকায় প্রতিষ্ঠা লগ্ন থেকে ফ্রান্স আওয়ামী লীগের যুগ্মসম্পাদক, ইউরোপীয়ান আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মুজিবুর রহমানকে ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নির্বাচন সম্পন্ন হলে নতুন সভাপতিকে দলীয় পতাকা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী উপহার দেন বিদায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ সেলিম।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে দলীয় দায়িত্বভার অর্পণ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
এরপর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের তোড়া দিয়ে বরন করেন ফ্রান্স আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম এবং সাধারণ সম্পাদক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এ সম্মেলনের মাধ্যমে দল পরিচালনার যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। ফ্রান্স আওয়ামী লীগের গৌরব ও ঐতিহ্য রক্ষায় সব সময় সচেতন থাকবেন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা একযোগে কাজ করে যাবো।