‘বন্দুকযুদ্ধে’ পাঁচ মাদক ব্যবসায়ী নিহত

দেশের বিভিন্নস্থানে কথিত বন্দুকযুদ্ধে পাঁচজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাতে এসব ঘটনা ঘটে। ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

কক্সবাজার ও টেকনাফ: টেকনাফে মেরিন ড্রাইভে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার আব্দুল আলীম (৩৬) ও সাবরাং ইউনিয়নের কচুবনিয়ার নজির আহমদ (৪০)। টেকনাফ থানার ওসি প্রদীপ এ তথ্য জানিয়ে বলেন, ভোররাতে মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে ইয়াবার চালান লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক চক্রের লোকজন পালিয়ে যায়। এসময় দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ: বুধবার ভোররাতে টঙ্গীবাড়ি উপজেলার দেউলবাড়ি গ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি মাদক ব্যবসায়ী আবুল হোসেন শেখ (৪৯) নিহত হয়েছেন।  ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই র্যাব সদস্য আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে। র্যাব-১১ উপ অধিনায়ক মেজর আশিক বিল্লাল এ তথ্য জানান। আবুল মুন্সীগঞ্জের এক নম্বর মাদক ব্যবসায়ী বলে পুলিশ সূত্রে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপতালের মর্গে পাঠানো হয়েছে।

ভালুকা (ময়মনসিংহ): ভালুকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোবারক হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাতে গ্রেফতার মোবারককে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঘটনার দিন বিকেলে ভালুকা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানকালে নিজ বাড়ি থেকে মোবারককে একটি বিদেশি পিস্তল, ২৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। রাতে তাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে মোবারককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় তার সহযোগীরা। এসময় গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় আহত মোবারক হোসেনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মোবারকের বিরুদ্ধে ডাকাতি, মাদক, রাহাজানি, চুরিসহ ১০ এর অধিক মামলা রয়েছে।

সিলেট: দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহিদ মিয়া (৪২) নিহত হয়েছেন। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এ কথা জানান। অভিযানকালে মাদক ব্যবসায়ী শহিদ র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে র্যাবও গুলি চালায়। এ সময় শহিদ গুলিবিদ্ধ হন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এরআগে ২০১৭ সালে মাদক ব্যবসায়ী দম্পতি শহিদ ও তার স্ত্রী শিউলি আক্তার বুলুকে গ্রেফতার করেছিলো র্যাব। শহিদ মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক সম্রাট ।